মো. আসাদুল আলম, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও দৈনন্দিন জীবনকে আরও সহজ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলার লক্ষ্য নিয়ে ‘ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস)’-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, স্মার্টফোন ও সাদা ছড়ি বিতরণ করা হয়। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান এবং ব্রেইল পদ্ধতিতে পবিত্র কুরআন তেলাওয়াত শেখানোর একটি কোর্স চালুর ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন বিভাগের শিক্ষক, জাকসু নেতৃবৃন্দ, ডিআইএস-এর কেন্দ্রীয় প্রতিনিধিসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শ্রুতিলেখক নির্ধারণ ও পরিবর্তনের প্রক্রিয়া সহজ করতে একাডেমিক কাউন্সিলে প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এ ছাড়া নতুন লাইব্রেরিতে তাদের জন্য একটি বিশেষায়িত ইউনিট স্থাপনের দাবিও জানানো হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব দাবির বাস্তবায়নে জাকসু কার্যকর ভূমিকা রাখবে।
জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে ক্যাম্পাসে ফুটপাত উন্নয়ন, পুরোনো ভবনে লিফট স্থাপন, পরিবহন ব্যবস্থায় নির্দিষ্ট আসন সংরক্ষণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি একটি বিশেষায়িত ক্রীড়া মাঠ চালুর বিষয়েও কাজ চলছে।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হক বলেন, শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা শিক্ষকদের নৈতিক দায়িত্ব। তিনি ক্যাম্পাসের অবকাঠামো আরও অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, শারীরিক সীমাবদ্ধতা থাকলেও মানসিক শক্তির মাধ্যমে শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যেতে পারে। তিনি জানান, শ্রুতিলেখক সংক্রান্ত বিষয়টি একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি বিশেষায়িত মাঠ চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
অনুষ্ঠান সংশ্লিষ্টরা মনে করছেন, ডিআইএস-এর এই উদ্যোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
