দেশের শীর্ষস্থানীয় অর্থ-শিল্প-বাণিজ্যের সেরা ম্যাগাজিন ‘অর্থকণ্ঠ’ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক পত্রিকা ‘বিজনেস আমেরিকা’। অর্থকণ্ঠ-র নিয়মিত প্রকাশনার ২৬ বছরের পথচলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘অর্থকণ্ঠ’ ও ‘বিজনেস আমেরিকা’র যৌথ উদ্যোগে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৬’ সম্মাননা প্রদান করা হয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৩১ মার্চ রাজধানীর হোটেল শেরাটনে “নারীর স্বপ্ন নারীর জয়, ছড়িয়ে পড়ুক বিশ্বময়”Ñ প্রতিপাদ্য নিয়ে ‘ওয়ার্ল্ড উইমেন্স সামিট-২০২৬ : বিশ্বমঞ্চে বাংলাদেশের অনন্য নারীর সম্মাননা’ শিরোনামে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দীন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং সফল নারী উদ্যোক্তা, সংগঠক ও উইমেনস এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)-এর প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল মিন্টুু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, নারী সমাজ প্রকৃতিগতভাবেই সৃষ্টিশীল এবং প্রজন্মের ধারাবাহিকতা রক্ষায় তাদের ভূমিকা অনন্য। কিন্তু সমাজের পুরুষতান্ত্রিক মনোজগতের কারণে নারীদের স্বাভাবিক প্রতিভা ও উদ্যোক্তা হয়ে ওঠার সুযোগ অনেকাংশে বাধাগ্রস্ত হয়।

তথ্যমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের বিদ্যমান অসাম্য ও দ্ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করে। তিনি বিশেষভাবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সব উদ্যোক্তাকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। সেই নারী-সমাজের মধ্য থেকে যারা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের স্বীকৃতি প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা আরও শক্তিশালী হবে।
মন্ত্রী অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের অনুভূতি ও প্রত্যাশা সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তিনি তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথা উল্লেখ করেন এবং বলেন, একজন নারীনেত্রী হিসেবে তিনি নানা প্রতিকূলতা অতিক্রম করে সফলতার উদাহরণ স্থাপন করেছেন।
মন্ত্রী সামাজিক বাধা ও নেতিবাচক মানসিকতার কাছে নতি স্বীকার না করে নিজেদের স্বাভাবিক সৃষ্টিশীল শক্তিকে কাজে লাগানোর জন্য নারীদের প্রতি আহ্বান।
অনুষ্ঠানে অর্থকণ্ঠ-র প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক এনাম এই দীর্ঘ পথচলায় অর্থকণ্ঠের সাথে থাকার জন্য পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও সবার এই ভালোবাসা অব্যাহত থাকবে এবং অর্থকণ্ঠ তার দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে।
বর্ষপূর্তির বিশেষ এই আয়োজনে ব্যবসা-বাণিজ্য, শিল্প ও সংস্কৃতি এবং গণমাধ্যম কর্মীসহ সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টজরো অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে নারী অধিকার আন্দোলনের অগ্রদূতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং যুদ্ধ, সংঘাত ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত নারীদের প্রতি সংহতি প্রকাশ করা হয়।
সম্মাননা প্রদান পর্বে করপোরেট নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, শিক্ষা, প্রযুক্তি, সামাজিক উন্নয়ন, নারী অধিকার, আন্তর্জাতিক বাণিজ্য, মিডিয়া ও সৃজনশীল শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট নারীদের ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়।
এবারের অনুষ্ঠানে বিশেষভাবে আজীবন সম্মাননা প্রদান করা হয় সুরভী-র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জোবায়দা রহমানের মাতা সৈয়দা ইকবাল মান্দ বানুকে, শিশু কল্যাণ ও মানবিক নেতৃত্বে তার দীর্ঘ অবদানের স্বীকৃতি স্বরূপ।
‘সাপ্তাহিক অর্থকণ্ঠ’ ও আন্তর্জাতিক ব্যবসায়িক সাময়িকী ‘বিজনেস আমেরিকা’র যৌথ আয়োজনে এবং এনআরবি ওয়ার্ল্ড-এর সহযোগিতায় এই সম্মাননা দেওয়া হয়। এ অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেছে আরএকে সিরামিকস।
বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ সম্মাননা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলÑ আমন্ত্রিত অতিথিদের স্বাগত বক্তব্য, ‘সাপ্তাহিক অর্থকণ্ঠ’ পত্রিকার দীর্ঘ ২৬ বছর পথচলার ওপর বিশেষ প্রামাণ্য উপস্থাপনা, বিশেষ ম্যাগাজিন ‘100 Most Influential Bangladeshi Women Across the Globe’-এর মোড়ক উন্মোচন এবং সব শেষে গালা ডিনার।
