নিজস্ব প্রতিনিধি
ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার হওয়া কনস্টেবল শোয়াইবুর রহমানের একটি সাম্প্রতিক বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। একটি ভিডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, “পুলিশ হত্যার বিচার আর চাইবো না, আপনারা আমাকে ক্ষমা করে দেন।”
এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন এটি কি অনুশোচনা, নাকি দীর্ঘদিন বিচার না পাওয়ার হতাশার বহিঃপ্রকাশ?
২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীর অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১২ বছর ধরে বাহিনীতে যুক্ত থাকলেও তিনি নিয়মিত ইউনিফর্ম ডিউটিতে ছিলেন না; বরং পুলিশ নাট্যদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ৫ আগস্টের পর রাজারবাগে বিক্ষোভের সময় তিনি হঠাৎ করে সামনে এসে বক্তব্য দেন, যা পরে বিতর্কের জন্ম দেয়।
