নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির সদস্যপদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাবা ও ছেলে। রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির এই ঘোষণা দেন।
দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মতের অমিল এবং সম্পৃক্ত থাকাকালে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে সরে দাঁড়ানোর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন মিরান ফকির। তাঁর দাবি, রাজনীতি সম্পর্কে তেমন ধারণা না থাকলেও পাঁচ থেকে সাত মাস আগে তাঁর বৃদ্ধ বাবা লুৎফর ফকিরকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাঁকেও ভয় দেখিয়ে দলটিতে যুক্ত করা হয়। তবে বাবা-ছেলের কারও কোনো সাংগঠনিক পদ ছিল না; তাঁরা কেবল দলের সাধারণ সদস্য ছিলেন।
মিরান ফকির অভিযোগ করে বলেন, বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকার সময় তাঁরা নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তাঁর একটি ছোট ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে।
দলীয় কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে মিরান বলেন, বিএনপির রাজনীতি পর্যবেক্ষণ করে দলটির কার্যক্রমের সঙ্গে নিজেদের মতের কোনো মিল খুঁজে পাননি তাঁরা। মানুষকে আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড তাঁদের অপছন্দ।
পদত্যাগের তাৎক্ষণিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, আগের রাতে তিন তরুণকে আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন, যা তাঁদের ভীষণভাবে মর্মাহত করেছে। টুঙ্গিপাড়ার মতো একটি ঐতিহাসিক স্থানে রাজনৈতিক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কেন কাউকে মারধরের শিকার হতে হবে, সেই প্রশ্ন তোলেন তিনি।
আবেগঘন কণ্ঠে মিরান ফকির বলেন, শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় রাজনৈতিক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষকে মারধর করা হয়, তবে এমন রাজনীতি তাঁরা চান না। শেখ হাসিনার প্রতি তাঁদের আবেগ ও ভালোবাসা রয়েছে এবং তাঁদের রক্তের সঙ্গে তাঁর রক্ত মিশে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নিজেদের সিদ্ধান্তেই বিএনপির সব কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন জানিয়ে মিরান বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা তাঁদের নেই।
এদিকে, বাবা-ছেলের পদত্যাগ এবং তাঁদের তোলা হয়রানি ও ভয়ভীতির অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
