নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আওয়ামী লীগ সরকারের পতনের দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া পৌর এলাকায় বিক্ষোভ মিছিল, জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কার্যালয়টি উন্মুক্ত করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌর শাখার সভাপতি ইফতি জামান পল্লবের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা পৌর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে তাঁরা দলীয় বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কার্যালয়টির তালা খুলে তা উন্মুক্ত করেন।
সরকার পতনের পর দীর্ঘ বিরতি দিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের প্রকাশ্য এই কর্মসূচি ও দলীয় কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে নতুন করে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
