আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি হাসপাতালগুলোতে কোনো ধরনের কলেজ ডিগ্রি কিংবা পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা ছাড়াই আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ তৈরি হয়েছে। নগরীর জনস্বাস্থ্য সেবা পরিচালনাকারী সংস্থা ‘নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালস’-এর অধীন বিভিন্ন হাসপাতালে ‘সার্ভিস এইড’ (Service Aide) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফুলটাইম এই পদের জন্য বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৭৯৮ ডলার। পাশাপাশি কর্মীদের জন্য থাকছে হেলথ ইন্স্যুরেন্স, পেনশন ও বেতনসহ ছুটির মতো আকর্ষণীয় সুবিধা। চলতি নভেম্বরের সাম্প্রতিক তথ্যানুযায়ী, নগরীর বিভিন্ন হাসপাতালে এই পদে মোট ২৭টি শূন্যপদ রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম পিক্স ইলেভেন (PIX11) ও সিক্রেট এনওয়াইসির (Secret NYC) প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যানহাটনের হারলেম হাসপাতাল, বেলভিউ হাসপাতাল এবং ব্রঙ্কসের লিংকন মেডিকেল অ্যান্ড মেন্টাল হেলথ সেন্টারসহ একাধিক প্রতিষ্ঠানে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। সার্ভিস এইড পদের কর্মীদের মূল দায়িত্ব হলো হাসপাতালের বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও মালামাল পৌঁছে দেওয়া, ডেলিভারি গ্রহণ করা, পণ্য ওঠানো-নামানো এবং সরবরাহকৃত জিনিসপত্রের সঠিকতা যাচাই করা। এসব কাজে কিছুটা শারীরিক পরিশ্রমের প্রয়োজন হতে পারে।
প্রকাশিত নিয়োগ তালিকা অনুযায়ী, হারলেম হাসপাতালের জন্য ১৪১৭৯২, ১৪১৮০০ ও ১৪১৮০১ নম্বরের তিনটি জব আইডি রয়েছে। লিংকন মেডিকেল সেন্টারে আবেদন করা যাবে ১৪১৭৫১ ও ১৩৯৯৪৭ নম্বরের বিজ্ঞপ্তিতে এবং বেলভিউ হাসপাতালের জন্য রয়েছে ১৪১৬৮৬ ও ১৪১৬৮৯ নম্বরের জব আইডি। এ ছাড়া গথাম হেলথে ১৪১৭৭৩ নম্বরের একটি ফুলটাইম পদ এবং নর্থ সেন্ট্রাল ব্রঙ্কসে ১৪১৫০৩ নম্বরের একটি পার্টটাইম পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাসপাতালভেদে কাজের সময়সূচি ভিন্ন হতে পারে।
সার্ভিস এইডের পাশাপাশি হাসপাতালগুলোর ‘ফুড সার্ভিস’ বিভাগেও কর্মী নিয়োগের তথ্য পাওয়া গেছে। এ বিভাগের কর্মীদের রোগীদের খাবারের ট্রে প্রস্তুত করা, নির্ধারিত ডায়েট অনুযায়ী খাবার পরিবেশন ও পৌঁছে দেওয়া এবং ব্যবহৃত ট্রে রান্নাঘরে ফিরিয়ে আনার কাজ করতে হয়। এই বিভাগে ফুলটাইম কর্মীদের বার্ষিক বেতন ৪৬ হাজার ৭৯৮ ডলার এবং পার্টটাইম কর্মীদের জন্য ২৪ হাজার ৯৫৯ ডলার নির্ধারিত রয়েছে। তবে ফুড সার্ভিসের কয়েকটি বিজ্ঞপ্তি অক্টোবর মাসের হওয়ায় আবেদন করার আগে সেগুলো এখনো সক্রিয় আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নিয়োগের অন্যতম বড় আকর্ষণ হলো সরকারি চাকরির আনুষঙ্গিক সুযোগ-সুবিধা। পদের ধরন ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত কর্মীরা হেলথ ইন্স্যুরেন্স, রিটায়ারমেন্ট সেভিংস, পেনশন প্ল্যান এবং বেতনসহ ছুটির সুবিধা পাবেন। তবে সব পদের ক্ষেত্রে সব সুবিধা সমানভাবে প্রযোজ্য না-ও হতে পারে।
আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালসের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের সার্চ বক্সে ‘Service Aide’ লিখে অথবা নির্দিষ্ট জব আইডি দিয়ে পছন্দের হাসপাতালের পদটি খুঁজে পাওয়া যাবে। কলেজ ডিগ্রি বা পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক না হলেও আবেদনকারীদের অবশ্যই যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতি (ওয়ার্ক পারমিট) এবং নিয়োগের অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
