ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আলম মিয়া (৩০) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গফরগাঁও ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইমরান হোসেন ওরফে আইকনকে আটক করেছে পুলিশ। নিহত আলম মিয়া উপজেলার গফরগাঁও ইউনিয়নের পরশীপাড়া গ্রামের ছহূর উদ্দিনের ছেলে। অন্যদিকে, আটক ইমরান হোসেন একই এলাকার বাসিন্দা এবং জনৈক আছিয়া বেগমের ভাইপো।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরশীপাড়া গ্রামে আলম মিয়ার বাড়ির প্রবেশপথের জমি নিয়ে প্রতিবেশী আছিয়া বেগমের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধ মীমাংসায় তিন মাস আগে একটি স্থানীয় সালিশে আলম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, যা নিয়ে তিনি মানসিকভাবে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে আলম মিয়া ওই জমি নিয়ে আছিয়া বেগমের বাড়ির সামনে ক্ষোভ প্রকাশ করে হৈচৈ শুরু করেন। খবর পেয়ে ইমরান হোসেন তাঁর লোকজন নিয়ে আলমকে ধরে স্থানীয় কামালের বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে লাশ বাড়ির সামনে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের পর অভিযানে নেমে শুক্রবার ভোরে উপজেলার তেঁতুলিয়া গ্রাম থেকে প্রধান অভিযুক্ত ইমরান হোসেন ওরফে আইকনকে আটক করে পুলিশ। একমাত্র ছেলেকে হারিয়ে মা নাছিমা বেগম কান্নায় ভেঙে পড়েছেন। আহজারি করে তিনি বলেন, “আমার প্রতিবন্ধী পোলাডারে ওরা পিডাইয়া মাইরা ফেলল। এখন কে আমারে মা বইলা ডাকব? আমি এই হত্যার বিচার চাই।”
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আতিকুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, প্রধান অভিযুক্তকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এই নৃশংস ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
