নিজস্ব প্রতিনিধি
জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার আসিফ আকবরের বিরুদ্ধে রয়্যালটি আত্মসাৎ ও প্রতারণার গুরুতর অভিযোগ তুলেছেন প্রথিতযশা শিল্পী প্রীতম আহমেদ। সম্প্রতি লন্ডন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি আসিফের বিরুদ্ধে সাধারণ গীতিকার ও সুরকারদের পাওনা অর্থ গোপনে হাতিয়ে নেওয়ার বিশদ বিবরণ ও নথিপত্র প্রকাশ করেন।
প্রীতম আহমেদ জানান, ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত আসিফের জন্য তিনি ২১টি গান তৈরি করেছিলেন। কিন্তু পরবর্তীতে রুচিগত পার্থক্য ও আদর্শিক কারণে তিনি আসিফের কাজ থেকে সরে আসেন। ২০১৫ সালে নিজের গানের অধিকার আদায়ে আইনি পদক্ষেপ নিতে গিয়ে প্রীতম জানতে পারেন, ২০০৯ সাল থেকে আসিফ আকবর গীতিকার ও সুরকারদের অজান্তেই বিভিন্ন মোবাইল অপারেটর (গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক) এবং ইউটিউব প্ল্যাটফর্মের সাথে গোপন চুক্তি করে নিয়মিত রয়্যালটি সংগ্রহ করে আসছেন।
প্রীতমের অভিযোগ অনুযায়ী, আসিফ আকবর নিজেকে সব শিল্পী ও সুরকারের প্রতিনিধি দাবি করে ভুয়া চুক্তিনামা তৈরি করেছিলেন। এই তালিকায় প্রয়াত শাহ আব্দুল করিম, আলম খান, কবির বকুল, শফিক তুহিন, ইথুন বাবু, মারজুক রাসেল এবং রাজেশসহ দেশের শীর্ষস্থানীয় অসংখ্য গুণী মানুষের নাম রয়েছে। প্রীতম প্রশ্ন তোলেন, “আমি কোনো চুক্তি করিনি, রয়্যালটিও পাইনি। অন্যরাও আদৌ পেয়েছেন কি না, তা আমার জানা নেই।”
পোস্টে প্রীতম আরও উল্লেখ করেন যে, আসিফ প্রকাশ্যে ভারতবিরোধী ও নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের পরিচয় দিলেও তার ব্যবসা পরিচালনা করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যক্তিদের প্রতিষ্ঠানের মাধ্যমে। নেক্সট নেট, ইবিএস এবং গ্যাক মাল্টিমিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে এই রয়্যালটি বাণিজ্য চলত বলে তিনি দাবি করেন।
বিগত সরকারের ঘনিষ্ঠদের প্রভাবে গত ১০ বছর ধরে মামলাটি উচ্চ আদালতে ঝুলে আছে বলে জানান প্রীতম। তিনি বলেন, “থানা থেকে আদালত—সবখানেই তদবিরের কারণে ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়েছে। আমার কাছে আত্মসাতের অসংখ্য অডিও রেকর্ড, দলিল ও মেসেজ সংরক্ষিত আছে।”
ব্যক্তিগত কোনো শত্রুতা নয়, বরং শিল্পীদের ন্যায্য পাওনা নিশ্চিত করতেই এই সত্য প্রকাশ করেছেন বলে জানান প্রীতম আহমেদ। তিনি আশঙ্কা প্রকাশ করেন, কর্পোরেট গোপনীয়তার সুযোগ নিয়ে এখনো অনেক শিল্পী তাদের রয়্যালটি থেকে বঞ্চিত হচ্ছেন। সরকার পরিবর্তনের এই সময়ে সুবিধাবাদীরা যেন আবারও ভোল পাল্টে শিল্পীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেই আহ্বানও জানান তিনি।
