নিজস্ব প্রতিনিধি
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সারাদেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ‘কাঁচা টাকা’র নেশা ও দখলদারিত্বের প্রতিযোগিতা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দক্ষিণ খামা গ্রামে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, জনসেবার নামে নাটক সাজালেও মূলত খালের টেন্ডার ও দখলদারিত্ব বজায় রাখতেই দেশীয় অস্ত্র নিয়ে মাঠে নেমেছে উভয় পক্ষ
ঘটনার মূলে রয়েছেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা খন্দকার আল আশরাফ মামুনের সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেড় কিলোমিটার দীর্ঘ গোলডুবা-খামা সংযোগ খাল খননের নামে দুই পক্ষই নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া। সাধারণ মানুষের অভিযোগ, ৫ আগস্টের পর লুটপাটের মাধ্যমে দ্রুত বিত্তবান হওয়ার যে সংস্কৃতি শুরু হয়েছে, তারই বহিঃপ্রকাশ এই সংঘর্ষ। জনকল্যাণের কথা বলা হলেও ভেতরে চলছে টেন্ডার হাতিয়ে নেওয়ার নোংরা রাজনীতি।
খন্দকার আল আশরাফ মামুনের পক্ষের নেতা আজিজুল হাকিম মীর দাবি করেন, সংসদ সদস্যের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে।
অন্যদিকে, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খুর্শীদ উদ্দিন এবং ইউনিয়ন ছাত্রদল সভাপতি রবিউল আলমের দাবি, মামুন গংরা আসলে নিজেদের জমি বাঁচানোর জন্য খাল কাটার ‘ভান’ করে ছবি তুলে প্রচারের চেষ্টা করছে। তাদের অভিযোগ, সংসদ সদস্যের অনুসারীদের ওপরই উল্টো হামলা চালানো হয়েছে।
খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস এবং থানার ওসি এস এম আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি করলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সবচেয়ে রহস্যজনক ভূমিকা পালন করছেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। তিনি সরাসরি দায় অস্বীকার করে বলেন, আমার কোনো লোকজন এখানে নেই। এই খাল খনন না, বোধ হয় পরিষ্কার করা হচ্ছে। বিষয়টি প্রশাসনও জানে না, আমিও জানি না।
অথচ স্থানীয়রা বলছেন, তার নাম ব্যবহার করেই এলাকায় মহড়া দিচ্ছে এক পক্ষ।
এলাকাবাসীর মতে, বিএনপির এক শ্রেণির প্রভাবশালী নেতা এখন জনস্বার্থের চেয়ে ব্যক্তিগত টেন্ডার ও অল্প সময়ে বড় অংকের অর্থের মালিক হওয়ার নেশায় মত্ত। ৫ আগস্টের পর থেকে এই এলাকায় কাঁচা টাকার দখল ও ভোগের যে অভ্যাস তৈরি হয়েছে। সোমবারের এই সংঘর্ষ তারই নগ্ন বহিঃপ্রকাশ।
