ফোরটিন ডেস্ক : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪২) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গ্রামবাসী তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওই কিশোরী গ্রামের একটি দোকান থেকে চা পাতা আনতে যাচ্ছিল। এ সময় মসজিদের ইমাম তাকে জোর করে নিজের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দুই স্কুলছাত্র ঘটনাটি দেখতে পায়। পরে তারা ইমামের কক্ষের সামনে কিশোরীর জুতা পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।
খবর পেয়ে গ্রামের লোকজন ইমামের কক্ষে গিয়ে বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, এ সময় তাঁকে মারধরও করা হয়।
গ্রামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, সকালে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় তারা ওই কিশোরীর হাত ধরে ইমামকে কক্ষের ভেতরে নিয়ে যেতে দেখেছিল। পরে তারা আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।
কিশোরীকে উদ্ধারের সময় উপস্থিত ছিলেন ইয়ারাবাদ গ্রামের নাজির উদ্দিন। তিনি বলেন, দুই স্কুলছাত্র এসে ইমামের বিরুদ্ধে কিশোরীকে কক্ষে নিয়ে যাওয়ার কথা জানায়। পরে গ্রামের লোকজন একসঙ্গে গিয়ে ইমামের কক্ষ থেকে কিশোরীকে উদ্ধার করেন। তাঁর দাবি, সবার সামনে ইমাম কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেন।
স্থানীয়দের কাছে ওই কিশোরী অভিযোগ করেছে, দোকানে যাওয়ার পথে ইমাম তার হাত ধরে কক্ষে নিয়ে যান এবং তাকে চিৎকার করতে বাধা দেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সে সেখান থেকে উদ্ধার হয়।
আটক সাদিকুর রহমান স্থানীয়দের কাছে কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তাঁর বক্তব্য, কিশোরী তাঁর কক্ষে গিয়েছিল এবং তিনি তার হাত ধরেছিলেন। লোকজন দেখে ফেলার আশঙ্কায় তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলেন বলেও তিনি স্বীকার করেন। তবে কিশোরীর সঙ্গে অন্য কোনো কিছু করেননি বলে দাবি করেন তিনি। নিজের কাজকে ভুল ও অন্যায় উল্লেখ করে ক্ষমাও চান।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থানা থেকে অনেক দূরে। তাঁকে থানায় নিয়ে আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সাদিকুর রহমান প্রায় ১১ মাস ধরে ইয়ারাবাদ গ্রামের মসজিদে ইমামতি করছেন। তাঁর বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে।
