নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। মঙ্গলবার বিকালে পূর্বাচল এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ তুলে ধরেন
অভিযুক্ত নাসির উদ্দিন ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি রূপগঞ্জ উপজেলার তারাব পৌর বিএনপির সভাপতিও ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগকারী নারী জানান, ছয় মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে নাসির উদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে বিদেশে ভালো চাকরি দেওয়া ও বিয়ের প্রলোভন দেখান অভিযুক্ত।
তিনি অভিযোগ করেন, গত ৬ মার্চ দেখা করার কথা বলে তাকে একটি প্রাইভেট কারে তুলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পূর্বাচলের একটি নির্জন বালুর মাঠে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করা হয়। এ ঘটনা কাউকে না জানাতে তাকে হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন বলেও অভিযোগ করেন ওই নারী। পরে আদালতে মামলা করতে গেলে তাকে অপহরণের চেষ্টা করা হয় বলেও দাবি তার।
সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, আমি আইনিভাবে সমাধান না পেলে আত্মহত্যা করব। এর জন্য দায়ী থাকবেন নাসির উদ্দিন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন নাসির উদ্দিন। তিনি বলেন, আমি গুলশানে থাকি এবং ব্যবসার কাজে দেশ-বিদেশে যাতায়াত করি। আমি নৈতিকভাবে এমন কাজ করতে পারি না।
তিনি আরও দাবি করেন, আসন্ন পৌর নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়ায় প্রতিপক্ষরা তার বিরুদ্ধে ‘মিথ্যা’ অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে আগেও রাজনৈতিক উদ্দেশ্যে একাধিক মামলা হয়েছে। এটি একটি সাজানো নাটক।
অভিযোগকারী নারীকে আগে কখনো দেখেননি বলেও দাবি করেন এই বিএনপি নেতা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, এখন পর্যন্ত থানায় এ ধরনের কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি শুনেছি। কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
