নিজস্ব প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের কক্ষ থেকে অরূপ রতন কনিস্ক (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হল সূত্রে জানা যায়, অরূপ রতন কনিস্ক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
হলের প্রভোস্ট অধ্যাপক মো. নজরুল ইসলাম প্রান্তিক জানান, দুপুর ২টার দিকে কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে আনুমানিক ২টা ১০ মিনিটে কক্ষে গিয়ে অরূপকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
