নিজস্ব প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীতে ঝটিকা কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ মার্চ) ইফতারের আগে ও রাতে বিভিন্ন এলাকায় খাবার বিতরণ এবং দোয়া মাহফিলের মাধ্যমে তারা এই দিবসটি পালন করেন
মঙ্গলবার ইফতারের আগে রাজধানীর আগারগাঁও এলাকায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের উপকমিটির ২০-২৫ জন নেতাকর্মী। কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপকমিটির সদস্য মুহাম্মদ আনোয়ার হোছাইন, আনোয়ার হোসাইন, নাসিম আল মোমিন রূপক, এস এম আব্দুর রহিম, এনামুল হক প্রিন্স, আমিরুল ইসলাম, মো. রুহুল আমিন, ওমর ফারুক, মিজানুর রহমান জনি, তুষার, নিটোল, এন আই সৈকত ও নুরুন্নবী রাজুসহ আরও অনেকে। এসময় তারা দুস্থদের হাতে খাবার তুলে দেন এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করেন।
একই দিনে ঢাকার রমনা কালিমন্দিরে খাদ্যসামগ্রী বিতরণ করেন মন্দির কমিটির সাবেক সভাপতি উৎপল সাহা। সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় অভাবী মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
এদিকে, ছাত্রলীগের নেতাকর্মীরাও দিবসটি উপলক্ষে সক্রিয় ছিলেন। রাজধানীর একটি রেস্টুরেন্টে অত্যন্ত গোপনীয়তার সাথে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তারা। সেখানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনার পাশাপাশি বিশেষ মোনাজাত করা হয়। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে প্রকাশ্য রাজনীতিতে বাধা থাকায় অনেকটা ঘরোয়া পরিবেশেই এই কর্মসূচী সম্পন্ন করেন তারা।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম বঙ্গবন্ধুর জন্মদিনে এমন কর্মসূচীর খবর পাওয়া গেল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছোট ছোট দলে বিভক্ত হয়ে এই ঝটিকা কর্মসূচীগুলো পালন করা হয়।
