নিজস্ব প্রতিনিধি
জ্বালানি তেলের সংকটের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল থেকে চালকরা স্পিডবোট চালানো বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে লঞ্চ চলাচল এখনও স্বাভাবিক রয়েছে।
রাঙামাটি জেলা শহরের সঙ্গে বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার নৌপথে যোগাযোগের প্রধান মাধ্যম লঞ্চ ও স্পিডবোট। দ্রুত যাতায়াতের সুবিধা থাকায় অধিকাংশ যাত্রী সাধারণত স্পিডবোট ব্যবহার করে থাকেন।
রাঙামাটি ফিশারি ঘাটের স্পিডবোট লাইনম্যান মো. মহিউদ্দিন জানান, শনিবার থেকে স্পিডবোটের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। ফলে রোববার সকাল থেকে কোনো স্পিডবোট চলাচল করছে না। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
তিনি বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় বনরূপা ফিলিং স্টেশনকে স্পিডবোটের জন্য তেল বরাদ্দ রাখতে বলা হয়েছে। সোমবার তেল সরবরাহ এলে প্রায় ২০০ লিটার তেল পাওয়া যেতে পারে, যা দিয়ে অন্তত পাঁচটি স্পিডবোট চালানো সম্ভব হবে।
স্পিডবোট বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অমর বিকাশ নামে এক যাত্রী জানান, জরুরি কাজে বাঘাইছড়ি যাওয়ার জন্য সকালে বের হয়েও তিনি কোনো যানবাহনের টিকিট পাননি। পরে স্পিডবোটে যাওয়ার জন্য ফিশারি ঘাটে গিয়ে জানতে পারেন বোট চলাচল বন্ধ রয়েছে।
আরেক যাত্রী কামরুল হাসান বলেন, স্পিডবোটে কম সময়ে যাতায়াত করা যায়। কিন্তু সকাল থেকে বোট বন্ধ থাকায় তাকে ভোগান্তিতে পড়তে হয়েছে। লংগদু যাওয়ার কথা থাকলেও দুপুরের পর কোনো লঞ্চ না থাকায় বাধ্য হয়ে শহরে আত্মীয়ের বাসায় থাকতে হচ্ছে।
এদিকে স্পিডবোট বন্ধ থাকলেও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম বলেন, লঞ্চ চলাচল বর্তমানে স্বাভাবিক থাকলেও পাম্পগুলো থেকে নিয়মিত তেল পাওয়া যাচ্ছে না। তবে কয়েকদিন চালানোর মতো তেল মজুদ রয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, তেল সরবরাহে বিঘ্ন ঘটায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে। সংকট নিরসনে জেলা প্রশাসন কাজ করছে এবং লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রাখতে ফিলিং স্টেশনগুলোকে প্রয়োজনীয় তেল বরাদ্দ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
