নিজস্ব প্রতিবেদক
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে এবার সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কয়েক হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ রুহুল আমীন সোহেল। তিনি জানান, বিকেল পর্যন্ত কয়েক হাজার শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।
এর আগে দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের প্রায় ৫০ জন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিকেল পর্যন্ত শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
এদিকে শ্রমিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে শিল্পাঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন, সাধারণ শ্রমিকেরা কাজে থাকতে চান এবং কর্মমুখর পরিবেশ বজায় রাখতে চান। কিন্তু বহিরাগত কিছু লোকের ইন্ধনে একটি পক্ষ প্রতিদিন সকালে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের উসকানি দিয়ে কারখানা থেকে বের করে আনার চেষ্টা করছে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশ তৎপর রয়েছে জানিয়ে এসপি বলেন, শ্রমিকেরা যাতে নিরাপদে কাজ করতে পারেন, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার কারণে কিছু কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এ সময় পুলিশ বলপ্রয়োগ করছে বলে ওঠা অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন চলছে। আশুলিয়া, মিরপুরের পর এবার হেমায়েতপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে।
