বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলুচাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষকদের দাবি, গত এক মাস ধরে বিভিন্ন এলাকায় আলু পরিবহন ও বস্তাবন্দির সময় চাঁদা দাবি করা হচ্ছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক কৃষক।
অভিযোগে নাম এসেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিনের। অভিযোগকারী কৃষক মেহেদী হাবীব আব্বাসী উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।
কৃষকদের ভাষ্য অনুযায়ী, আলু বোঝাই ট্রাক বা জমিতে আলু বস্তাবন্দি করার সময় কয়েকজন যুবক এসে নিজেদের স্বেচ্ছাসেবক দলের কর্মী পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। বস্তাপ্রতি ২০ টাকা করে চাঁদা না দিলে ট্রাক আটকে দেওয়া এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ।
ভুক্তভোগী কৃষক মেহেদী হাবীব আব্বাসী জানান, গত ৮ মার্চ সন্ধ্যায় তিনি আলু হিমাগারে নিয়ে যাওয়ার পথে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার ট্রাক আটকে বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ঘটনার সময় স্থানীয় লোকজন জড়ো হলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আইয়ুব আলী। মঙ্গলবার বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় এক কৃষক আলুর ট্রাকে চাঁদা দাবির বিষয়ে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন, দলের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
