দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত।
এর ফলে তাঁর বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন হওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
বুধবার (১১ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দেন।
আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান বলেন, তাঁর বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই আদালত জামিন দিয়েছেন। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই।
এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে নেওয়া হয়।
পরদিন ১৫ ডিসেম্বর তাঁকে উত্তরা পশ্চিম থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় গত ৫ মার্চ উচ্চ আদালত তাঁকে জামিন দেন।
অন্যদিকে, গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করে দুদক।
মামলায় তাঁর বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
পরবর্তীতে ২৫ জানুয়ারি ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
তবে বুধবার শুনানি শেষে আদালত তাঁকে ওই মামলাতেও জামিন দেন।
ফলে বর্তমানে তাঁর বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন হওয়ায় তাঁর কারামুক্তির পথে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
