বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করার ঘটনায় তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। শোকজ নোটিশ দেওয়ার পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।
বদলিকৃত কর্মকর্তারা হলেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক ও নীল দলের সাধারণ সম্পাদক নওশাদ মোস্তফা, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এবং একই সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।
আদেশ অনুযায়ী, নওশাদ মোস্তফাকে প্রধান কার্যালয় থেকে বরিশাল অফিসে, মাসুম বিল্লাহকে রংপুর অফিসে এবং গোলাম মোস্তফা শ্রাবণকে বগুড়া অফিসে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি ওই তিন কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের পক্ষে এক আকস্মিক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে গভর্নরের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের সমালোচনা করা হয়। বিশেষ করে দুর্বল ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণ উদ্যোগ এবং ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান প্রক্রিয়া নিয়ে আপত্তি তোলা হয়।
ওই সংবাদ সম্মেলনে গভর্নরকে ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করার পর বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক প্রশাসনের নজরে আসে। এরপর তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়। জবাব সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছিল।
শোকজের একদিন পরই ঢাকার বাইরে বদলির সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
