দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কোনো প্রজনন চিকিৎসা বা সহায়ক প্রযুক্তি ছাড়াই সম্পূর্ণ স্বাভাবিকভাবে গর্ভধারণের পর একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নাইলা ক্রাফট। চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত বিরল এই ট্রিপলেটের মধ্যে দুজন অভিন্ন যমজ (একই নিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি) এবং তৃতীয় শিশুটি আলাদা ভ্রূণ থেকে জন্ম নেওয়া তাদের ভাই। চিকিৎসকদের মতে, প্রজনন চিকিৎসা ছাড়া এমন গর্ভাবস্থা এবং তিন শিশুর একই লিঙ্গ হওয়া অত্যন্ত ব্যতিক্রমী এক ঘটনা।
চলতি বছরের শুরুতে সাধারণ গর্ভাবস্থার খবর জানতে আল্ট্রাসাউন্ড করাতে গিয়ে প্রথমে দুটি শিশুর উপস্থিতি দেখে যমজের কথা ভেবেছিলেন নাইলা। তবে চিকিৎসক যখন গর্ভে তৃতীয় শিশুর উপস্থিতি নিশ্চিত করেন, তখন তিনি ও তাঁর স্বামী মার্কো বার্নাল অত্যন্ত বিস্মিত হয়ে পড়েন। পূর্বে দুই সন্তান (নায়া ও ম্যাসিও) থাকা এই দম্পতির পরিবারে এক লহমায় সন্তান সংখ্যা দুই থেকে পাঁচে উন্নীত হয়। নাইলার পরিবারে পূর্বে যমজ ও ট্রিপলেটের ইতিহাস থাকলেও নিজের ক্ষেত্রে এমন অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন।
তিন দশকের চিকিৎসা জীবনে এমন বিরল ঘটনা আগে দেখেননি জানিয়ে চিকিৎসক কুইন ভো-হ্যানসার জানান, যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ৩৫ লাখ প্রসবের মধ্যে আনুমানিক ২,৪০০টি ট্রিপলেট জন্ম নিলেও স্বাভাবিক গর্ভধারণ, অভিন্ন যমজের সঙ্গে আলাদা ভ্রূণের সমন্বয় এবং তিন শিশুর একই লিঙ্গ হওয়ার ঘটনা চিকিৎসাবিজ্ঞানে রূপকথার মতো। প্রসবের সুবিধার্থে হাসপাতালে ১৫ জন চিকিৎসাকর্মীর বিশেষ দল গঠন করা হয়েছিল।
ঘটনাটিতে আরও একটি চমৎকার কাকতালীয় বিষয় যুক্ত হয়েছে; নতুন তিন নবজাতকের জন্মদিন তাদের বাবা মার্কো বার্নালের জন্মদিনের দিনেই পড়েছে। পারিবারিক ব্যস্ততা দ্বিগুণ বাড়লেও এই বিরল ও বিশেষ তিন শিশুর আগমনে এখন পুরো পরিবারজুড়ে বইছে আনন্দের জোয়ার।
