আলোচিত ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।
মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, ভোটারদের স্বাক্ষর সংক্রান্ত সমস্যার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি জানান, এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন এবং মনোনয়ন ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
এর আগে গত ২৯ ডিসেম্বর রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে নিজ সংসদীয় এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশের সমর্থন সংগ্রহ করতে হয়।
দাখিল করা হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এছাড়া দেশের বাইরে তার আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।
সম্পদের বিবরণে উল্লেখ করা হয়েছে, তার নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষিজমি নেই। তবে তার কাছে রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকার অলংকার। ব্যাংকে জমা রয়েছে ১০ হাজার ১৯ টাকা এবং হাতে নগদ রয়েছে ১৬ লাখ টাকা। পাশাপাশি তার কাছে রয়েছে ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড।
হলফনামা অনুযায়ী, ডা. তাসনিম জারার বিরুদ্ধে কোনো মামলা, ঋণ বা সরকারি পাওনা নেই। তার স্বামী খালেদা সাইফুল্লাহর সম্পদের তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে। স্বামীর হাতে নগদ রয়েছে ১৫ লাখ টাকা ও ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। দেশের বাইরে তার আয় ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড।
ব্যক্তিগত তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারার জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। পিতা ফখরুল হাসান এবং মাতা আমেনা আক্তার দেওয়ান। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় বসবাস করছেন।
