ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের তীব্র বিরোধিতার মধ্যেই আসন্ন আইপিএল ২০২৬ আসরের দল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পরই এই সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, এই অঞ্চলের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। এরপরই মুস্তাফিজকে দল থেকে মুক্ত করার সিদ্ধান্ত আসে।
এর আগে বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানান, “বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, বাংলাদেশে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বীর নিহত হওয়ার ঘটনার বিষয়টি বোর্ডের বিবেচনায় এসেছে।
এএনআইকে দেওয়া বক্তব্যে দেবজিত সাইকিয়া বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের দলে থাকা বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কেকেআর চাইলে তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হবে।”
উল্লেখ্য, আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল ২০২৬-এর মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামে তাকে ঘিরে কেকেআর ও চেন্নাই সুপার কিংসের মধ্যে তীব্র দরকষাকষি চলে, যেখানে শেষ পর্যন্ত কেকেআরই মুস্তাফিজকে দলে ভেড়ায়।
নিলামের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার আনন্দও প্রকাশ করেছিল কেকেআর। তবে কয়েক সপ্তাহ না যেতেই ভূ-রাজনৈতিক বাস্তবতায় বদলে গেল সেই সিদ্ধান্ত।
