ব্রডব্যান্ড ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির (BTRC) এনইআইআর সিটিজেন পোর্টাল শুক্রবার সকাল থেকে মিনিটে ২৪ লাখ বট আক্রমণের শিকার হয়েছে। সিস্টেমটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সিনেসিস আইটির প্রধান সুল্যুশন অফিসার আমিনুল বারী শুভ্র জানান, প্রতি সেকেন্ডে ৪০ হাজার বট ট্রাফিক হিট করেছে এনইআইআর সিস্টেমে। এই আক্রমণের কারণে বাস্তব ব্যবহারকারীরা সাইটে প্রবেশ করতে পারছেন না।
তিনি আরও জানান, এনইআইআর সিটিজেন পোর্টাল মিনিটে মাত্র ৬,০০০ রিকোয়েস্ট গ্রহণের সক্ষমতা রাখে। আক্রমণের ফলে ব্যবহারকারীরা “429 too many requests” বার্তা দেখছেন, আবার কখনও পুরো পেইজ সাদা দেখাচ্ছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) তৃতীয়বারের মতো এনইআইআর সিস্টেম চালু হলেও বিভিন্ন কারণে পূর্বে দুইবার বন্ধ হয়েছিল। ইনফোসেকবুলেটিনের প্রতিবেদনে বলা হয়েছে, এনইআইআর চালুর দিনই বিটিআরসির বিরুদ্ধে ভাঙচুর ও সাইবার হামলা চালানো হয়েছিল, যার জন্য ২৬ জনকে আটক করা হয়েছিল। শুক্রবারের ঘটনার পর বিটিআরসি নতুন করে মামলা করেছে।
