হবিগঞ্জের বানিয়াচং থানায় ৫ আগস্টের হামলা, অগ্নিসংযোগ এবং সাব-ইন্সপেক্টর (এসআই) সন্তোষ চাকমা হত্যার ঘটনায় সরাসরি দায় স্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক স্থানীয় সমন্বয়ক।
সাম্প্রতিক একটি ভিডিওতে তিনি পুলিশ কর্মকর্তাদের সামনেই বলেন, ‘আমরা আন্দোলন করে গভমেন্টকে রিফর্ম করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাগবিতণ্ডা করছেন। এখন বলছেন, আন্দোলনকারী হয়েছেন তো কী হয়েছে? আমাদের এইখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই।’
ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক একটি কক্ষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। সেখানে উত্তেজিত ভঙ্গিতে এক তরুণ নিজেকে হবিগঞ্জ জেলার সাবেক প্রধান সমন্বয়ক ও বর্তমান সেক্রেটারি দাবি করে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন। তিনি আরও বলেন, “আমাদের ভাই ৯ জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায়ে আছি।”
পুলিশ কর্মকর্তারা তাঁর বক্তব্য শুনছেন, অন্য যুবকরা নীরবভাবে পাশে দাঁড়িয়ে ছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে এলাকাজুড়ে আতঙ্ক এবং তোলপাড় সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ওইদিন বানিয়াচং থানায় পুলিশ সদস্যরা আটক হয়ে পড়েছিলেন এবং এসআই সন্তোষকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এখন ভিডিও প্রকাশের মাধ্যমে এই ঘটনায় সরাসরি দায় স্বীকারের ঘটনা সামনে এসেছে, যা ব্যাপক সমালোচনা ও জরুরি তদন্তের দাবি তুলেছে।
