মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করে।
ঘটনার বিবরণ জানা যায়, রায়ের পরপরই লাভলু মোল্লা শিশির তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফোটোকার্ড পোস্ট করেন। তার এই পোস্টকে শিক্ষার্থীরা গণহত্যায় অভিযুক্ত নেতৃত্বের পক্ষে ঔদ্ধত্যপূর্ণ অবস্থান হিসেবে দেখে।
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া ও পদক্ষেপ ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে জানান, “লাভলুকে পুলিশের হাতে সোপর্দ করে এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে… এ জায়গায় কেউ তোষামোদি বা ক্ষমতার লোভে আসিনি আমরা, ২০০০ শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়ে আসছি। এখানে গাদ্দার ও গাদ্দারির কোনো স্থান নাই।”
একইভাবে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের লেখেন, “হাসিনার পক্ষে পোস্ট দেওয়া ঢাবির ডেপুটি রেজিস্ট্রার কট। প্রত্যেকটা ইঁদুরকেই গর্ত থেকে টেনে বের করা হবে, ওয়েট।”
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লাভলু মোল্লার পরিচয় আটক লাভলু মোল্লা শিশির ছাত্রজীবনে মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের পর সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকেসহ আরও চারজন ছাত্রলীগপন্থি কর্মকর্তাকে উপাচার্যের কার্যালয় থেকে রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।
