নিজস্ব প্রতিনিধিঃ স্থানীয় সরকার উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণ অধিকার পরিষদে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কালের কণ্ঠকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
রাশেদ খান বলেন, আসিফ মাহমুদ একসময় সংগঠনের ছাত্র শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে রাজপথের লড়াইয়ে তিনি দলের সঙ্গে ছিলেন এবং ফ্যাসিস্ট হাসিনার আমলে নানা নির্যাতনও সহ্য করেছেন। তার ভাষায়, ‘এর আগেও সে গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তাকে আবার দলে আনার বিষয়ে কথা চলছে। সম্মানজনক পদ দেওয়া হবে। আমরা তাকে দলে চাই, যেকোনো মূল্যে।’
এর আগে বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা থেকেই এই সিদ্ধান্ত। তার কথায়, ‘আমি নির্বাচন করব, এটা নিশ্চিত। যে দল থেকেই নির্বাচন করি সেটা পরে জানানো হবে।’
রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তিনি ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হতে পারেন। ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত এই আসনের ভোটারও তিনি সম্প্রতি হয়েছেন।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেখানে জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিন ছাত্র প্রতিনিধির একজন হিসেবে সরকারে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমে শ্রম উপদেষ্টার দায়িত্ব পেলেও পরবর্তীতে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
