ফোরটিন ডেস্ক : দুই সপ্তাহের একটি উচ্চপর্যায়ের নির্বাহী নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান সফরে গেছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই প্রতিনিধিদলে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।
রোববার (৮ নভেম্বর) পাকিস্তানের লাহোরে অবস্থিত ঐতিহ্যবাহী ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নিতে ঢাকা ত্যাগ করেন তাঁরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
এর আগে পাকিস্তানে যাওয়ার প্রাক্কালে অংশ নেওয়া কর্মকর্তাদের সম্মানে এক আনুষ্ঠানিক নৈশভোজের আয়োজন করেন হাইকমিশনার ইমরান হায়দার। অনুষ্ঠানে তিনি বলেন, “প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাগত সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় কূটনৈতিক ও প্রশাসনিক সম্পর্ক জোরদারে এই প্রশিক্ষণ কর্মসূচি এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ।” তিনি জনপ্রশাসনে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল প্রশাসনের মতো বহুমাত্রিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের ঢাকা সফরের সময় ঘোষিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর উল্লেখযোগ্য অগ্রগতির তথ্য তুলে ধরে হাইকমিশনার জানান, ২০২৬ সালে বাংলাদেশের ১৭০ জন শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছেন এবং অচিরেই আরও ২০ জন শিক্ষার্থী সেখানে যোগ দেবেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের ১২ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এই নির্বাহী নেতৃত্ব কর্মসূচির প্রথম ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছিলেন। বর্তমান ৩৪ সদস্যের দলটি এই যৌথ প্রাতিষ্ঠানিক উদ্যোগের দ্বিতীয় ব্যাচ হিসেবে লাহোরে প্রশিক্ষণ নিচ্ছেন।
