ফোরটিন ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তুমুল বিতর্ক ও কৌতূহল তৈরি হয়েছে।
তবে এই সম্ভাব্য প্রত্যাবর্তন পরিকল্পনার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে শেখ হাসিনা যদি ডিসেম্বরে সত্যি দেশে ফেরেন, তবে বাংলাদেশে কি অবস্থান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান?
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রশ্ন তুলে নানা ধরনের পর্যবেক্ষণ ও মন্তব্য ছুড়ে দিচ্ছেন সাধারণ নেটিজেনরা। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় ধরে ভারতে অবস্থানরত শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জীবনের ঝুঁকি নিয়ে ডিসেম্বরেই স্বদেশে ফেরার অনড় বার্তা দিয়েছেন।
তাঁর এই ঘোষণার পর থেকেই দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। এর জের ধরেই ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলোতে তারেক রহমানের দেশে অবস্থান এবং তাঁর ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে কৌতূহল ও নানা সমীকরণ মেলাচ্ছেন বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ নাগরিকেরা।
বিশেষ করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য সম্ভাব্য সময় হিসেবে ঐতিহাসিক ‘ডিসেম্বর’ মাসকে বেছে নেওয়ার বিষয়টি রাজনৈতিক পরিস্থিতিকে নাটকীয় কোনো সংঘাত বা অচলাবস্থার দিকে নিয়ে যায় কি না, তা নিয়ে চলছে গভীর পর্যালোচনা।
শেখ হাসিনার দেশে ফেরা এবং তাঁর নেতাকর্মীদের মাঠে নামার ঘোষণা কার্যকর হলে প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যে নজিরবিহীন চাপ তৈরি হবে, সেই পরিস্থিতিতে সরকারের শীর্ষ নেতৃত্বে থাকা তারেক রহমান কীভাবে মাঠের রাজনীতি ও রাষ্ট্রের নিয়ন্ত্রণ বজায় রাখবেন তা নিয়েই এখন উত্তপ্ত চায়ের টেবিল থেকে সোশ্যাল মিডিয়ার টাইমলাইন।
