নিজস্ব প্রতিনিধিঃ আবশ্যিক ইংরেজি ভাষা পরীক্ষায় অকৃতকার্য থাকা সত্ত্বেও হাজার হাজার অভিবাসী যুক্তরাজ্যের ভিসা পেয়েছেন। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে আইইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ৮০ হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেওয়া হয়েছে। এমনকি অকৃতকার্য অনেককেই পাস করিয়ে দেওয়ার ঘটনাও রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন, বাংলাদেশ এবং ভিয়েতনামে আইইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে। ফলে এমন বহু শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য অভিবাসী যুক্তরাজ্যের ভিসা পেয়েছেন, যারা প্রকৃতপক্ষে ভিসার যোগ্য ছিলেন না। বিষয়টি প্রকাশ্যে আসার পর অযোগ্য অভিবাসীদের বহিষ্কারের দাবি তুলেছে কনজারভেটিভ পার্টি।
আইইএলটিএস পরীক্ষাটি ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং আইডিপি-এর যৌথ মালিকানাধীন। বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৩৬ লাখের বেশি মানুষ এই পরীক্ষায় অংশ নেয়।
টেলিগ্রাফ জানিয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত হাজার হাজার পরীক্ষার্থী ভুল স্কোর পেয়েছেন। আইইএলটিএস কর্তৃপক্ষ দাবি করেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে অল্প কিছু পরীক্ষার লিসেনিং এবং রিডিং অংশে ফলাফল প্রভাবিত হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, মাত্র ১ শতাংশ ফলাফল প্রভাবিত হয়েছে যার সংখ্যাটি প্রায় ৭৮ হাজার।
সম্প্রতি ত্রুটির বিষয়টি শনাক্ত হওয়ার পর আইইএলটিএস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে নতুন ফল পাঠানো শুরু করেছে।
এদিকে, যুক্তরাজ্যের কিছু চিকিৎসক সতর্ক করে বলেছেন, এনএইচএসে কর্মরত বহু অভিবাসী কর্মীর ইংরেজি দক্ষতা প্রয়োজনীয় মানের নয়। এতে রোগীর চিকিৎসা ও সার্বিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।
