নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি রাজনৈতিক দল নতুন জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের ঘোষণা দিয়েছে। জোটে এনসিপির সঙ্গে রয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, “দেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক অধিকার রক্ষায় এই নতুন মঞ্চ কাজ করবে। ২৪ সালের অভ্যুত্থানের পর দেড় বছরে আমরা বহু হতাশার মুখোমুখি হয়েছি। সংস্কারের পক্ষে তিন দল আজ ঐক্যবদ্ধ হয়েছে।”
নাহিদ ইসলাম বলেন, জোট কেবল নির্বাচনী নয়, এটি একটি রাজনৈতিক জোটও। “আমরা একসঙ্গে নির্বাচন করব এবং আরও কিছু দলের সঙ্গে আলোচনা চলছে। কেউ যদি মনে করে গায়ের জোরে বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে জিতবে তারা সফল হবে না।”
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, “অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে। নতুনদের অনেক কর্মকাণ্ড সমালোচিত হয়েছে। তাই তিন দল একত্রিত হয়ে নতুন পথচলা শুরু করেছে। পুরনো রাজনীতি দিয়ে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়নি।”
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, “আমরা তিন দল নিয়ে যাত্রা শুরু করলেও মনে করি না শুধু এই তিন দলই পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে। সংস্কারের স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে, তার ওপরই নির্ভর করছে চব্বিশের অভ্যুত্থানের সাফল্য টিকবে কি না।”
