যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ১৯৪৬ সাল থেকে প্রায় ৯৩টি অভ্যুত্থান বা শাসন পরিবর্তনের চেষ্টা চালিয়েছে, তবে এর মধ্যে ইরানে দুইবারের চেষ্টাও ব্যর্থ হয়েছে। এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়ায় নিযুক্ত বিশেষ দূত টম ব্যারাক।
আইএমআই মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ব্যারাক বলেন, “ইরানে দুইবার শাসন পরিবর্তনের চেষ্টা হয়েছিল, কিন্তু কোনোটিই সফল হয়নি। তাই বুদ্ধিমানের কাজ হবে এই বিষয়টি আঞ্চলিকভাবে সমাধান করতে দেওয়া।” তিনি বর্তমানে তুরস্কে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
ব্যারাক আরও দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শাসন পরিবর্তনে আগ্রহী নন এবং আঞ্চলিক পক্ষগুলোকে নিয়ে একটি আঞ্চলিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছেন। তিনি বলেন, আঞ্চলিক সংলাপ এবং বহিরাগত হস্তক্ষেপ না করা একটি টেকসই সমাধান হতে পারে।
তিনি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে তেহরানের সঙ্গে চুক্তি করতে আগ্রহ দেখানোর কথাও উল্লেখ করেছেন, তবে এর জন্য ইরানি কর্তৃপক্ষের ‘গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক আলোচনায়’ অংশগ্রহণ প্রয়োজন।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাপানের কিয়োদো নিউজকে বলেন, যুক্তরাষ্ট্র এখনও ‘বাস্তব, গুরুতর আলোচনার’ প্রস্তুতি দেখায়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের শান্তিপূর্ণ পরমাণু শক্তি কর্মসূচির অধিকার স্বীকার করে এবং একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, তবেই আলোচনার পথ খুলতে পারে।
