আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন শীর্ষ বৈঠকের ঠিক আগমুহূর্তে তাইওয়ান প্রণালি ও পশ্চিম প্রশান্ত মহাসাগরজুড়ে নজিরবিহীন সামরিক মহড়া চালিয়েছে চীন।
নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত কয়েক দিনের এই অঘোষিত মহড়ায় চীনের নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর শতাধিক যুদ্ধজাহাজ এবং অর্ধশতাধিক সামরিক বিমান অংশ নেয়। মহড়ায় বিদেশি সামরিক বাহিনীকে প্রতিহত করা এবং শহরগুলোতে হামলার কৌশলও অনুশীলন করা হয়েছে বলে দাবি করেছে তাইওয়ানের প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্রগুলো।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের পূর্বাঞ্চলীয়, উত্তরাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের নৌবাহিনী যৌথভাবে এই বিশাল মহড়ায় অংশ নেয়।
গত ৩ নভেম্বর দক্ষিণ চীন সাগর থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত জলসীমায় চীনা নৌযানের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এর আগের দিন তাইওয়ানের আকাশসীমার আশপাশে প্রায় ৫০টি চীনা যুদ্ধবিমানের তৎপরতা শনাক্ত করে তাইপে।
তাইওয়ানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, সাম্প্রতিক সময়ে এটি চীনের অন্যতম বৃহৎ নৌসামরিক সমাবেশ। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এই শক্তি প্রদর্শনের মাধ্যমে তাইওয়ান ও তার মিত্রদের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করেছে বেইজিং। এমনকি মহড়া চলাকালে পীতসাগর থেকে চীনের মূল ভূখণ্ডের দিকে একটি সাবমেরিন থেকে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু জানিয়েছেন, চীনের বিমানবাহী রণতরি ও নৌবহরগুলো পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশেষ ধরনের ‘অ্যান্টি-অ্যাকসেস বা এরিয়া ডিনায়াল’ মহড়া চালিয়েছে।
সামরিক পরিভাষায় এর অর্থ হলো সম্ভাব্য সংঘাতের সময় যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশের সামরিক বাহিনীকে নির্দিষ্ট অঞ্চলে প্রবেশ ও সহায়তা দেওয়া থেকে বিরত রাখার সক্ষমতা যাচাই করা। তবে বেইজিংয়ের দাবি, তাদের এই প্রশিক্ষণ নিয়মিত সামরিক কার্যক্রমের অংশ এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে এটি পরিচালিত হয়নি।
আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেন শহরে অনুষ্ঠিতব্য অ্যাপেক (APEC) শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাণিজ্য ও নিরাপত্তার পাশাপাশি ওই বৈঠকে তাইওয়ান ইস্যুতে দর-কষাকষির পাল্লা ভারী রাখতেই বেইজিং এই সামরিক তৎপরতা দেখিয়েছে। এ ছাড়া সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির অধিবেশনে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বহিষ্কারের পর বাহিনীর অভ্যন্তরীণ সংহতি ও সক্ষমতা প্রমাণ করাও এর অন্যতম উদ্দেশ্য হতে পারে।
এদিকে চীনের এই তৎপরতার কড়া সমালোচনা করে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ বলেছেন, কোনো ধরনের সামরিক চাপের কাছে তাইওয়ান নতি স্বীকার করবে না। শুক্রবার নাগাদ সমুদ্রে চীনা নৌযানের সংখ্যা কমে প্রায় ৭০টিতে নেমে এলেও তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
