ফোরটিন ডেস্ক : দেশের মাটিতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে উচ্চশিক্ষার অধিকার হারানোর পর সুদূর যুক্তরাজ্যে গিয়ে মেধা ও আদর্শের অনন্য স্বাক্ষর রাখলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী আতিফা হক শেফা। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘ইউনিভার্সিটি অব ডার্বি’ (University of Derby) থেকে ‘লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট’ বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের পর সমাবর্তন মঞ্চে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক পতাকা হাতে তুলে ধরে বজ্রকণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
জানা গেছে, আতিফা হক শেফা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।
শেফার অভিযোগ, কেবল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে চরম বৈষম্যের শিকার করে এবং স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে। নিজ দেশে শিক্ষাজীবন শেষ করার সব পথ রুদ্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তাঁকে দেশ ছাড়তে হয়। পরবর্তীতে প্রতিকূলতা জয় করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বিতে ভর্তি হয়ে সাফল্যের সঙ্গে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি।
অন্যদিকে, শেফার স্বামী মো. মোস্তাফিজুর রহমান রাতুলও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। শেফা জানান, জুলাই-পরবর্তী সময়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর স্বামীর বিরুদ্ধে একাধিক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়। অব্যাহত হয়রানি ও মামলার কারণে তিনিও দেশ ছাড়তে বাধ্য হন।
রাজনৈতিক পরিচয়ের কারণে নিজ ক্যাম্পাসে বঞ্চনা, মামলা এবং দেশত্যাগের মতো কঠিন বাস্তবতা পেরিয়ে যুক্তরাজ্যের মাটিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের বিপ্লবী পতাকা ওড়ানো ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে নিজের আত্মপরিচয় এবং চলমান অবিচারের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ হিসেবে দেখছেন শেফা। প্রবাসের মাটিতে তাঁর এই সাফল্য ও আদর্শিক দৃঢ়তা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণদের মাঝে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।
