নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে বসানো সোঁতি জাল উচ্ছেদকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে অপহরণের পর পাঁচ ঘণ্টা আটকে রেখে মারধর এবং ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল ও বিএনপি নেতাদের বিরুদ্ধে।
এ সময় প্রাণনাশের হুমকি দিয়ে ভুক্তভোগী ব্যবসায়ীর কাছ থেকে নগদ তিন লাখ টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা ব্রিজ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী তেবাড়িয়া গ্রামের আব্দুল কাদের বাদী হয়ে শুক্রবার (১৩ নভেম্বর) বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (৩২), ছাত্রদলকর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), স্থানীয় বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেনের (৩৫) নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, বিস্তীর্ণ চামটা বিলসহ বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার অন্তত ২০টি বিলের পানি নিষ্কাশনের একমাত্র পথ চামটা ব্রিজ। দলীয় প্রভাব খাটিয়ে অভিযুক্ত ব্যক্তিরা ওই ব্রিজের মুখে অবৈধভাবে সোঁতি জাল বসিয়ে মাছ শিকার করছিলেন। এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে রবিশস্যের আবাদ চরম ঝুঁকির মুখে পড়ে। স্থানীয় কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বড়াইগ্রাম উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ওই অবৈধ সোঁতি জালটি উচ্ছেদ করে।
ব্যবসায়ী আব্দুল কাদের জানান, উচ্ছেদ হওয়া সোঁতি জালের ঠিক সামনেই তাঁর ফসলি জমি রয়েছে। এ কারণে জাল উচ্ছেদের পেছনে তাঁর হাত রয়েছে বলে সন্দেহ করেন অভিযুক্তরা। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় জমি থেকে বাড়ি ফেরার পথে চামটা গ্রামের আফসার আলীর বাড়ির পাশের একটি আমবাগান থেকে ছাত্রদল নেতা বাবুল হোসেন দলবল নিয়ে তাঁকে তুলে চামটা ব্রিজের ওপর আটকে রাখেন। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং জাল উচ্ছেদের ক্ষতিপূরণ হিসেবে ১২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
ভুক্তভোগী আরও জানান, দীর্ঘ পাঁচ ঘণ্টা আটকে রাখার পর প্রাণে বাঁচতে তিনি বাড়িতে খবর দিয়ে তিন লাখ টাকা আনিয়ে ছাত্রদল নেতা বাবুল ও বিএনপি নেতা আফসার আলীর হাতে তুলে দেন। পাশাপাশি আরও এক লাখ টাকা দেওয়ার অঙ্গীকার নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনা কাউকে জানালে বা থানায় গেলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আফসার আলী বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। অন্যদিকে ছাত্রদল নেতা বাবুল হোসেন দাবি করেন, আব্দুল কাদেরকে অযথা সন্দেহ করা হয়েছিল, তবে তাঁর কাছ থেকে কোনো টাকা লেনদেন করা হয়নি।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ব্যবসায়ীকে আটকে রেখে টাকা আদায়ের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
