নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা রেজাউল করিম (৩৬) পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৭ ডিসেম্বর) কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
রেজাউল করিম দরগাহপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে এবং হ্নীলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। গত ৪ ডিসেম্বর দুপুরে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল থেকে গ্রেপ্তারের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র্যাব জানায়, রেজাউল করিম আলোচিত ইউনুস মেম্বার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
গত বছরের ২৬ নভেম্বর, রেজাউল করিমকে না পেয়ে তার ১৪ বছরের কিশোর পুত্র রাফিকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি দেশজুড়ে আলোচিত হয় এবং ৯ দিন কারাবাসের পর আদালতের আদেশে রাফি জামিনে মুক্তি পান।
পরিবার জানায়, রেজাউল করিম হার্টের রোগী ছিলেন। অসুস্থ অবস্থায় তাকে র্যাব আটক করেছিল এবং পরে পুলিশের উপস্থিতিতে সদর হাসপাতালে চিকিৎসা চলছিল। আইনি প্রক্রিয়ার পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
