ফোরটিন ডেস্ক : প্রায় চার দশক ধরে অভাবী ও ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার কাজে নিজেকে নিবেদিত রেখেছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা গ্লোরিয়া কেনার্ড। এলাকায় সবার কাছে ‘মিস গ্লোরিয়া’ নামে পরিচিত এই পরোপকারী নারী একটি সড়ক দুর্ঘটনায় নিজের একমাত্র বাহনটি হারানোর পর এবার তাঁর পাশে দাঁড়িয়েছে পুরো সমাজ। দীর্ঘদিনের নিঃস্বার্থ সেবার প্রতিদান হিসেবে স্থানীয় বাসিন্দা ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান মিলে ২৭ হাজার ডলারের বেশি তহবিল সংগ্রহ করে তাঁকে উপহার দিয়েছেন সম্পূর্ণ নতুন একটি ‘২০২৭ কিয়া সেলটোস’ গাড়ি।
স্থানীয় সংবাদমাধ্যম কেবিটিএক্সের প্রতিবেদনে জানানো হয়, আসন্ন থ্যাংকসগিভিং উৎসবের ঠিক কয়েক সপ্তাহ আগে গত ৩০ অক্টোবর গ্লোরিয়াকে চমকে দিতে তাঁর বাড়িতে জড়ো হন বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা। সেখানেই তাঁর হাতে নতুন গাড়ির চাবি তুলে দেওয়া হয়।
১৯৮৮ সালে ‘টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি’-তে কর্মরত অবস্থায় ব্রায়ান-কলেজ স্টেশন এলাকার বাসিন্দাদের জন্য থ্যাংকসগিভিং উপলক্ষে বিনা মূল্যে খাবারের আয়োজন শুরু করেছিলেন গ্লোরিয়া। ছোট্ট পরিসরে শুরু হওয়া সেই মানবিক উদ্যোগ এখন বিশাল এক ঐতিহ্যে রূপ নিয়েছে, যার মাধ্যমে প্রতি বছর দুই হাজারের বেশি মানুষকে খাবার পরিবেশন করা হয়। এ ছাড়া ইংরেজি নববর্ষের দিনেও তিনি খাবারের আয়োজন করেন এবং ‘দ্য ব্রিজ মিনিস্ট্রিজ’ নামের একটি দাতব্য খাদ্যভান্ডারে টানা ১৬ বছর ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
গত ২৯ জুলাই ধর্মীয় পাঠ ও গায়কদলের মহড়ায় যাওয়ার পথে ব্রায়ানের ইস্ট মার্টিন লুথার কিং স্ট্রিটে অন্য একটি গাড়ির ধাক্কায় গ্লোরিয়ার ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। তিনি অক্ষত থাকলেও গাড়িটি পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং বিমা থেকে পাওয়া অর্থে নতুন গাড়ি কেনা সম্ভব হচ্ছিল না। ফলে গির্জা ও স্বেচ্ছাসেবামূলক কাজে যাতায়াতের জন্য তাঁকে অন্যদের ওপর নির্ভর করতে হচ্ছিল।
গ্লোরিয়ার এই সংকট মোকাবিলায় এগিয়ে আসে ‘দ্য ব্রিজ মিনিস্ট্রিজ’। সংস্থাটি ১৫ হাজার ডলারের লক্ষ্যমাত্রা নিয়ে ‘গোফান্ডমি’-তে তহবিল সংগ্রহ শুরু করলে ১৭৪ জন দাতা ১৭ হাজার ৭০০ ডলারের বেশি অনুদান দেন। এর সঙ্গে ‘কেন্ট মুর ক্যাবিনেটস’ নামের একটি স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ১০ হাজার ডলার যোগ করলে মোট তহবিল ২৭ হাজার ডলার ছাড়িয়ে যায়।
দ্য ব্রিজ মিনিস্ট্রিজের সমন্বয়কারী এমা ব্রিজেস বলেন, অনুদানের প্রতিটি ডলার মিস গ্লোরিয়ার স্পর্শ পাওয়া একেকটি জীবনের ভালোবাসার প্রতিফলন। অন্যদিকে, নতুন গাড়ি পেয়ে আবেগাপ্লুত গ্লোরিয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে বছরের পর বছর সাধারণ চাবি দিয়ে গাড়ি চালানোর পর এখন আধুনিক ‘পুশ-বাটন’ স্টার্ট ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে এই সমাজসেবীকে। নতুন বাহন পেয়ে আসন্ন থ্যাংকসগিভিং উৎসবের আয়োজন আরও স্বাচ্ছন্দ্যে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
