নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে কসবা উপজেলার কদমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিকেলে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে স্থানীয় আড়াইবাড়ি দরবার শরীফের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি কদমতলী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শুরু হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির অপর একটি পক্ষ কদমতলী এলাকায় এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ জানান, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ছিল। উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা বললেও পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
