নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপকূলীয় এলাকা দিয়ে বঙ্গোপসাগর হয়ে কৃষকদের ভর্তুকি মূল্যের ইউরিয়া সার মিয়ানমারে পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। সম্প্রতি জব্দ করা সারের চালানের সূত্র ধরে মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা ও তদন্তের ভিত্তিতে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। এর আগে রোববার উপজেলার ইছাখালী ও ওচমানপুর ইউনিয়ন এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ওচমানপুর ইউনিয়নের পশ্চিম বাঁশখালী গ্রামের মো. মহসিন প্রকাশ সম্রাট (৫৭), তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং একই এলাকার ফাবিয়াতুল ফারাবি (২৪)। তাঁদের মধ্যে মহসিন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফারাবি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফারাবির বাবা ফরিদুল ইসলাম স্থানীয় ইউনিয়ন বিএনপির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা এলাকায় বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং বিভিন্ন সভা-সমাবেশের সামনের সারিতে নিয়মিত অংশ নিতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মিরসরাইয়ে তিনটি বড় সারের চালান জব্দসহ বেশ কয়েকজনকে আটক করা হয়। আটক আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তাঁদের মুঠোফোনের কললিস্ট খতিয়ে দেখে সার পাচার প্রক্রিয়ায় এই চক্রটির সরাসরি যোগসাজশ পায় পুলিশ।
জোরারগঞ্জ থানার ওসি জানান, নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তাঁর ভাই নুর উদ্দিন মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিয়ে সার পাচারের জন্য শওকত আকবর সোহাগ নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে ট্রাকভর্তি সারের বস্তাগুলো মুহুরী প্রজেক্ট বেড়িবাঁধ এলাকা দিয়ে ট্রলারযোগে মিয়ানমারে পাচারের চেষ্টা চালানো হয়। গ্রেপ্তার আসামিরা পরস্পর যোগসাজশে এই পাচার কাজ সমন্বয়ের চেষ্টা করছিলেন। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী বলেন, “ভর্তুকির সার দেশের কৃষকের সম্পদ। উচ্চ মুনাফার লোভে তা পাচার করা অত্যন্ত গর্হিত ও নিন্দনীয় অপরাধ। মিরসরাইয়ের ১৬টি ইউনিয়নে বর্তমানে বিএনপির কোনো আনুষ্ঠানিক কমিটি নেই। সংসদ সদস্য নুরুল আমিন অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ অবস্থান নেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছেন।”
উল্লেখ্য, এর আগে গত ৬ নভেম্বর কচ্ছপিয়া মোড় থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা, ৩১ অক্টোবর মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট থেকে ৩০১ বস্তা এবং গত ২৫ সেপ্টেম্বর বঙ্গোপসাগর উপকূল থেকে মাছ ধরার ট্রলার ও চারটি ট্রাকসহ ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছিল কোস্টগার্ড ও পুলিশ।
