নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসীদের একাংশের তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১২ অক্টোবর) দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্কে নামার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কিছু প্রবাসী বাংলাদেশি তাঁকে উদ্দেশ্য করে ক্ষোভ ঝাড়ছেন। ভিডিওতে এক ব্যক্তিকে ড. ইউনূসকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে দেশে গণহত্যা, বিপুল সংখ্যক গ্রেপ্তার, পুলিশ হত্যা এবং গণতন্ত্র বিনাশের অভিযোগ তুলতে দেখা যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। পরবর্তী সময়ে তাঁর সরকারের আমলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সহিংসতা নিয়ে নানা মহলে সমালোচনা তৈরি হয়।
সাম্প্রতিক সময়ে হামের টিকাদান কার্যক্রম ও শিশুদের মৃত্যু সংক্রান্ত ঘটনায় তাঁর সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অতিথি তালিকা থেকেও তাঁর নাম বাদ পড়ার খবর আসে। এর মধ্যেই নিউইয়র্ক বিমানবন্দরে এ অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হলো তাঁকে। তবে প্রচারিত ভিডিও ও অভিযোগের বিষয়ে ড. ইউনূস বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
