তূর্য যদি পৃথিবীতে আসার আগে জানত, এই দেশে এমন এক অসভ্য ও বর্বর রাষ্ট্রব্যবস্থা আসবে, যা মাকে তার কাছ থেকে কেড়ে নেবে, হয়তো সৃষ্টিকর্তাকে বলত আমাকে এই বর্বর দেশে পাঠিও না। এ রাষ্ট্র আমাকে বাঁচতে দেবে না!
শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তূর্য আপনার-আমারও সন্তান হতে পারত। যে শিশুটি নিজের যত্নটুকুও নিতে পারত না, তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো মায়ের সান্নিধ্য, তার বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন।
শারমীন সুলতানা শর্মীকে চিনি ছাত্রজীবন থেকে। একসময় ছাত্রলীগের রাজনীতি করলেও পরে সংসার ও সন্তান নিয়েই ব্যস্ত ছিল। পুলিশ তাকে আটক করতে এলে তার আকুতি ছিল—“আমার প্রতিবন্ধী বাচ্চা আমাকে ছাড়া বাঁচতে পারবে না। আমাকে নিয়ে যাবেন না!”
কেন মামলাও ছিলো না তার বিরুদ্ধে, তবুও রাষ্ট্র তার কান্না শোনেনি। শর্মীকে কারাগারে নেওয়া হলো। আর কিছুদিনের মধ্যেই মারা গেল তার সন্তান তূর্য। একবারও কি রাষ্ট্র ভেবেছিল, মাকে ছাড়া এই শিশুটির কী হবে? তার পরিচর্যার বিকল্প ব্যবস্থা করার দায়িত্ব কি সরকারের ছিল না?
আজ তূর্য নেই। মায়ের জন্য তার অপেক্ষাও শেষ। কিন্তু প্রশ্ন রয়ে গেল—এই মৃত্যুর দায় কে নেবে? আইন প্রয়োগের নামে মানবিকতা বিসর্জন দেওয়ার অধিকার রাষ্ট্রকে কে দিয়েছে? এই তূর্যের মৃত্যু শুধু একটি শিশুর মৃত্যু নয়, এটি রাষ্ট্রের মানবিকতারও মৃত্যু।
