নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
ঢাকার আশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে এ ঘটনা ঘটে। আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকসংলগ্ন স্থানে একটি বাসে আগুন দেয়া হয়। একই সময়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সড়কের পাশে পার্কিং করে রাখা বাস দুটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পার্কিংয়ে থাকা অবস্থায় বাস দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মহাসড়ক ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। পাশাপাশি এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
