নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ এশিয়ার বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুব আলী খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠান শেষে বেদগ্রাম পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এর আগে শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রাজনৈতিক জীবনে মাহবুব আলী খান ২০২২ সালের ১ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে তিনি দীর্ঘদিন জেলা কমিটির সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে বিভিন্ন মেয়াদে দলীয় দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে মাহবুব আলী খান দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
