ফোরটিন ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আয়ের পথ বন্ধ করতে এবং ইরানের ওপর চাপ বাড়াতে এক নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে অপিশোধিত জ্বালানি তেল ক্রয়ের অপরাধে ভারত, চীনসহ বিশ্বের ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক শুল্ক আরোপের একটি প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে প্রক্রিয়াগত প্রাথমিক ধাপ পার করেছে।
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ শীর্ষক বহুল আলোচিত এই বিলটি মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে ২১৪-২১১ ভোটে গৃহীত হয়। এর আগে গত মাসে সিনেটেও বিলটি বিপুল ভোটে সমর্থিত হয়েছিল।
প্রস্তাবিত এই আইনে রাশিয়ার শীর্ষ নেতৃত্ব, গোপন জাহাজ নেটওয়ার্ক বা ‘ছায়া বহর’ এবং জ্বালানি খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞার স্পষ্ট বিধান রাখা হয়েছে। বিলটি চূড়ান্তভাবে পাস হলে মার্কিন প্রেসিডেন্ট যেকোনো দেশের ওপর রাশিয়ার তেল আমদানির কারণে সরাসরি শতভাগ শুল্ক বসানোর সর্বময় ক্ষমতা পাবেন। শাস্তির ঝুঁকিতে থাকা অন্য ৮টি দেশ হলো— তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তান।
তবে এই বিলের তীব্র বিরোধিতা করে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা দাবি করেছেন, শুল্ক আরোপের ক্ষেত্রে এমন অবাধ ক্ষমতা দেওয়ায় বিশ্ববাজারে এর বিরূপ প্রভাব পড়তে পারে। বিলটি বুধবারের চূড়ান্ত ভোটাভুটিতে পাস হলে প্রেসিডেন্টের সম্মতির পরেই তা আইনে পরিণত হবে।
