নিজস্ব প্রতিবেদক, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে দুই কিডনি বিকল হয়ে বিগত আড়াই বছর ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণ ব্যবসায়ী আরিফুল ইসলাম। দীর্ঘ ডায়ালাইসিস ও চিকিৎসার পেছনে পরিবারটির সমস্ত সঞ্চয় ও সম্পদ শেষ হয়ে এখন তারা প্রায় নিঃস্ব। চিকিৎসার এই চরম সংকটময় মুহূর্তে মায়ের কিডনি মিলেছিল ঠিকই, তবে অস্ত্রোপচারের ঠিক আগমুহূর্তে নিজের প্রাণহানির ভয়ে পিছিয়ে গেছেন মা। ফলে ২৫ লাখ টাকার অভাবে আটকে গেছে আরিফুলের জীবন রক্ষাকারী কিডনি প্রতিস্থাপন।
পরিবারের স্বজনেরা জানান, একসময় ব্যবসার মাধ্যমে স্বচ্ছল জীবন পার করলেও হঠাৎ কিডনি রোগ ধরা পড়ার পর থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা ডায়ালাইসিস ও ওষুধে খরচ হতে থাকে। একপর্যায়ে চিকিৎসকেরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের তাগিদ দেন। স্বজনদের পরীক্ষা-নিরীক্ষার পর কেবল মায়ের কিডনিই আরিফুলের শরীরের সঙ্গে মেলে। তবে নিজের শারীরিক নিরাপত্তা ও মৃত্যুর শঙ্কায় শেষ মুহূর্তে পিছিয়ে যান মা। অন্যদিকে পৌনে তিন বছরের নিষ্পাপ সন্তানের মুখ চেয়ে যেকোনো মূল্যে চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবানদের সাহায্য চেয়েছেন ধুঁকতে থাকা আরিফুল।
দীর্ঘমেয়াদী এই ব্যয়ভার বহনে পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়লেও খবর পেয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। সরকারি অনুদান ও মানবিক সহায়তার মাধ্যমে আরিফুলের কিডনি প্রতিস্থাপনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে—এমন আশাতেই প্রহর গুনছেন স্বজনেরা।
