নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের বাঁশখালীতে অভিনব ও সাহসী প্রচারণা চালিয়েছে ছাত্রলীগ। রবিবার (১ নভেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলার বিভিন্ন সড়কে সিএনজিচালিত একটি অটোরিকশায় ব্যানার টাঙিয়ে এবং লাউডস্পিকারে মাইকিং করে শেখ হাসিনার দেশে ফেরার বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। এই ব্যতিক্রমী প্রচারণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ২টার দিকে উপজেলার কথরিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও গ্রামীণ জনপদে একটি অটোরিকশায় মাইক লাগিয়ে এই প্রচারণা চালানো হয়। ২ মিনিট ৫৬ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, অটোরিকশার সামনে ও পাশে বিশেষ ব্যানার লাগানো রয়েছে এবং সেখানে আগে থেকে ধারণ করা উদ্দীপনামূলক বক্তব্য লাউডস্পিকারে বাজানো হচ্ছে। প্রচারণায় দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন সফল করার আহ্বান জানানো হয়। ব্যানারে এই প্রচার কর্মসূচির আয়োজক হিসেবে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’-এর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন ও পরবর্তীতে ছাত্রলীগের ওপর সরকারের নিষেধাজ্ঞা জারির পর তৃণমূল পর্যায়ে এভাবে প্রকাশ্য রাজপথে মাইকিং করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়ার ঘটনা নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। সাধারণ মানুষের মাঝেও এই ব্যতিক্রমী কর্মসূচি গভীর কৌতূহল ও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, অটোরিকশায় ব্যানার লাগিয়ে এমন মাইকিং করার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
