সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়াই মধ্যরাতে বাসা থেকে আটকের পর থানা হেফাজতে বর্বরোচিত শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ ও আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে সিলেটে স্থানান্তরের নির্দেশ দেন।
ভুক্তভোগীর পরিবার ও দলীয় নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকারিয়া এবং এসআই ফরিদের প্রত্যক্ষ নেতৃত্বে থানা হেফাজতে এই নির্মম নির্যাতন চালানো হয়েছে।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, কোনো নতুন মামলা বা পরোয়ানা ছাড়াই মধ্যরাত ১২টার দিকে প্রিন্সকে নিজ বাসভবন থেকে আটক করে সদর থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ রয়েছে, এটি তাঁর ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই তৃতীয়বারের মতো গ্রেফতারের ঘটনা। আটকের পরপরই থানায় নিয়ে তাঁর ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন।
শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে পুলিশ তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে এ বিষয়ে আনীত গুরুতর সব অভিযোগ নিয়ে অভিযুক্ত এসআই জাকারিয়া ও এসআই ফরিদের কোনো বক্তব্য বা ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর এমন বর্বরোচিত নির্যাতনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তাঁরা অবিলম্বে হেফাজতে নির্যাতন বন্ধ ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানান।
