ফোরটিন ডেস্ক : আমেরিকার নিউইয়র্ক সিটিতে কয়েক দিনের ব্যবধানে সংঘটিত দুটি পৃথক ও চাঞ্চল্যকর বন্দুক হামলায় এক প্রবাসী বাংলাদেশিসহ দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত ৩১ বছর বয়সী চিহ্নিত অপরাধী যিশুস আকোস্তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)। অত্যন্ত ভয়ংকর ও বিপজ্জনক এই সশস্ত্র ঘাতক বর্তমানে শহরের মধ্যে পলাতক থাকায় প্রবাসী বাংলাদেশি ও স্থানীয়দের মধ্যে চরম ভয় ও আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, প্রথম মর্মান্তিক ঘটনাটি ঘটে গত রবিবার ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকার একটি রেস্তোরাঁয়। সেখানে কাজ করার সময় সন্ত্রাসীর গুলিতে মাথায় আঘাত পেয়ে প্রাণ হারান ৪৪ বছর বয়সী এক বাংলাদেশি-আমেরিকান কর্মী এবং তাঁর সহকর্মী পায়ে গুলিবিদ্ধ হন। এই নারকীয় হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই মাত্র দুদিনের মাথায় মঙ্গলবার ভোরে ব্রঙ্কসের ইস্ট ১৪৯ স্ট্রিটের একটি মুদি দোকানে ফের হামলা চালায় ওই একই ব্যক্তি। সেখানে এক গ্রাহককে বুকে গুলি করে হত্যার পর ক্যাশ কাউন্টার থেকে নগদ অর্থ লুট করে পালিয়ে যায় ঘাতক।
সিসিটিভি ফুটেজ ও তদন্ত সূত্রে এনওয়াইপিডি নিশ্চিত করেছে যে দুটি জোড়া খুনের পেছনে সাবেক কয়েদি যিশুস আকোস্তা জড়িত। অস্ত্র ও সহিংসতার মামলায় দীর্ঘ ১০ বছর কারাভোগের পর মাত্র গত এপ্রিলে সে প্যারোলে মুক্ত হয়। পলাতক এই বন্দুকধারীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। ইতোমধ্যে ঘাতককে গ্রেপ্তারে তথ্য দিয়ে সহায়তার জন্য ‘ইউনাইটেড বডগেস অব আমেরিকা’ ৫ হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে।
