নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেদে পল্লীতে পারিবারিক ও নারী ঘটিত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ হামলা, পাল্টা হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) রাত থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) সকাল পর্যন্ত দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের চারটি বসতঘর, একটি দোকান ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেদে পল্লীর সরদার নাসির সরদারের মেয়ে সোনালী বেগমের সঙ্গে স্বামী নিলয় মিয়ার দাম্পত্য কলহ এবং পরকীয়া সংক্রান্ত বিরোধ থেকে এই সহিংসতার সূত্রপাত। নিলয়ের পরিবার দাবি করে, একমাত্র শিশু সন্তানকে রেখে সোনালী বাপের বাড়ি চলে গেলে দুই পরিবারের দূরত্ব বাড়ে। পরে বুধবার রাতে নাসির সরদারের লোকজন নিলয় ও তাঁর বাবা দিপু মিয়ার দোকানে আগুন দেয় এবং আসবাবপত্র ভাঙচুর করে।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে পাল্টা হামলা চালিয়ে প্রতিপক্ষের টিনের বেড়া ও বসতবাড়ির জানালা-দরজা কুপিয়ে লুটপাটের অভিযোগ তোলে নাসির সরদারের পরিবার। সংঘর্ষে গুরুতর আহত চঞ্চল, জিহাদসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সাবিনা ইয়াসমিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরাধীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত চলছে।
