ফোরটিন ডেস্ক : মেক্সিকান খাবারপ্রেমীদের জন্য বড় ঘোষণা নিয়ে এলো উত্তর আমেরিকার জনপ্রিয় ফুড চেইন চিপোটলে। যুক্তরাষ্ট্র ও কানাডায় ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত মোট ১০ লাখ ডলারেরও বেশি মূল্যের বিনামূল্যে খাবার ও বিশেষ রিওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ক্যাফে বা দোকানে সরাসরি গিয়ে এই সুবিধা নেওয়া যাবে না; এর জন্য অংশ নিতে হবে ‘চিপোটলে আইকিউ’ নামের একটি অনলাইন ট্রিভিয়া গেম প্রতিযোগিতায়।
চিপোটলে কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নিবন্ধিত ‘রিওয়ার্ডস মেম্বাররা’ প্রতিদিন প্যাসিফিক সময় সকাল ৬টা থেকে বিকেল ৫টা ৫৯ মিনিটের মধ্যে একবার করে এই অনলাইন গেমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিটি কুইজে থাকবে ৫টি মাল্টিপল চয়েস বা সত্য-মিথ্যা নির্ভর প্রশ্ন।
কুইজ প্রতিযোগিতায় প্রতি ঘণ্টায় প্রথম ৮ হাজার অংশগ্রহণকারী, যারা পাঁচটি প্রশ্নেরই সঠিক উত্তর দেবেন, তাদের জন্য থাকছে লোভনীয় খাবারের পুরস্কার। এর মধ্যে রয়েছে ৫ হাজারটি ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এন্ট্রি অফার’, ১ হাজার ৫০০টি ফ্রি ‘সিলান্ট্রো লাইম সস’ এবং ১ হাজার ৫০০টি ফ্রি ‘কেসো ব্লাঙ্কো অফার’।
এবারের আসরে নতুন করে যুক্ত করা হয়েছে ‘সিলভার টিকিট’। ৫টি প্রশ্নের সঠিক উত্তরদাতার মধ্য থেকে র্যান্ডম ভিত্তিতে ৫৩ জনকে বাছাই করে একটি অতিরিক্ত প্রশ্নের মুখোমুখি করা হবে। সেটির সঠিক উত্তর দিতে পারলে তারা জিততে পারবেন পুরো এক বছরের বিনামূল্যে বুরিটো খাওয়ার বিরল সুযোগ।
এছাড়া ৫টির মধ্যে ৪টি সঠিক উত্তর দেওয়া অংশগ্রহণকারীরা পাবেন ২৫টি চিপোটলে রিওয়ার্ডস পয়েন্ট। আর সবগুলোর সঠিক উত্তর দিয়েও যারা সময়ের কারণে ফ্রি খাবার পাবেন না, তাদের জন্য বরাদ্দ থাকবে ৫০টি বোনাস পয়েন্ট। টানা দুই বা তিন দিন গেমটি খেললে বিশেষ বোনাস ও ব্যাজ মিলবে। প্রথমবারের মতো চালু করা ‘চিপোটলে আইকিউ’ ফিজিক্যাল কার্ড গেম এবং ফ্যামিলি মিল জেতার সুযোগ থাকবে ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাত্র ১০ রিওয়ার্ড পয়েন্ট খরচ করে।
প্রতিষ্ঠানটি জানায়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে কুইজে অংশগ্রহণের সংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় ১৮ লাখে পৌঁছায়। এরই ধারাবাহিকতায় এ বছর পুরস্কারের পরিমাণ বহুগুণ বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডার ১৩ বছর বা তার বেশি বয়সী যেকোনো নিবন্ধিত রিওয়ার্ডস সদস্য কোনো কেনাকাটা না করেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
