ফোরটিন ডেস্ক : চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার সারা দেশে গড় পাসের হার আশঙ্কাজনকভাবে কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। গত ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ; অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।
একইসঙ্গে সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাতেও বড় ধস নেমেছে। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী, যেখানে গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। সেই হিসাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
সোমবার (১০ আগস্ট, ২০২৬) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ শিক্ষামন্ত্রীর কাছে ফল হস্তান্তর করেন।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড (৭১.৬৩%)। এরপর পর্যায়ক্রমে রয়েছে যশোর বোর্ড (৬৬.২৭%), কুমিল্লা বোর্ড (৬৫.৪২%), রাজশাহী বোর্ড (৬৩.৬৭%), বরিশাল বোর্ড (৬০.৩৫%), চট্টগ্রাম বোর্ড (৫৯.৪৮%), সিলেট বোর্ড (৫৮.৩৩%), দিনাজপুর বোর্ড (৫৮.০৫%) এবং সাধারণ শিক্ষাবোর্ডগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে ময়মনসিংহ বোর্ড (৫৭.৩৯%)।
অন্যদিকে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তুলনায় এবারও পিছিয়ে পড়েছে বিশেষায়িত বোর্ডগুলো। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার মাত্র ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
