নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালী জেলা কারাগারে আওয়ামী লীগের জামিনে মুক্তি পাওয়া নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ ও সংবর্ধনা দেওয়ার সময় দলটির ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ আগস্ট, ২০২৬) বিকেলে নোয়াখালী জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— নোয়াখালী সদর উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের ছেরাজল হক চৌধুরী (৬৩), মেহেদী হাসান হৃদয় (২০), মো. ফারুক হোসেন (১৮) এবং মো. নাজিম (১৮)। পুলিশ নিশ্চিত করেছে যে, আটককৃত সকলেই আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারাফটকে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত ৫ জুন জুমার নামাজের পর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের চেষ্টা চালানো হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সহিংস সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
রবিবার ওই মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন আদালত থেকে জামিনে মুক্তি পান। জেলখানা থেকে তাঁদের বের হওয়ার মুহূর্তে আওয়ামী লীগের কয়েকজন কর্মী এক ব্যাগ ফুলের মালা নিয়ে কারাফটকে দাঁড়িয়ে শোডাউন ও ছবি তোলার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ তাত্ক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে হাতেনাতে ধরে ফেলে।
ওসি মো. নজরুল ইসলাম বলেন, “সাধারণত স্বজনেরা ফুলের মালা নিয়ে স্বজনকে বরণ করতে আসতে পারেন। কিন্তু আটক ব্যক্তিরা এক ব্যাগ ফুলের মালা নিয়ে হাজির হয়েছিলেন এবং তাঁরা মুক্ত পাওয়া ব্যক্তিদের কোনো আত্মীয়ও নন। মূলত বিভিন্ন এলাকা থেকে এসে ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচার ও শোডাউন করার উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিলেন।”
